৩১ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। প্রতিবারই হজ ব্যবস্থাপনায় নানা ধরনের ত্রুটি লক্ষ করা যায়। এসব ত্রুটি-বিচ্যুতির কারণে হজযাত্রীদের পড়তে হয় নানা দুর্ভোগ ও বিড়ম্বনায়।
ফ্লাইট বিপর্যয় থেকে শুরু করে হজ গমনেচ্ছুদের কাছ থেকে বেশি টাকা নেয়া, সৌদি আরবে ঠিকমতো থাকা ও খাবারের ব্যবস্থা না করা ইত্যাদিসহ আরও নানা অব্যবস্থাপনার কথা জানি আমরা। এটাই যখন সাধারণ চিত্র, তখন এবার হজ গমনেচ্ছুদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে বেশকিছু পরিবর্তন আসছে হজ ব্যবস্থাপনায়। চলতি বছর থেকে শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন এবং প্যাকেজে হজের সময়কাল ৪২ দিন থেকে কমিয়ে ৩০ দিনে আনা হচ্ছে।
দ্বিতীয়ত, সৌদি আরবে উন্নতমানের খাবার ও আবাসনের ব্যবস্থাসহ হজযাত্রীদের সেবার মান বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সরকারি কোটার হজযাত্রীর সংখ্যা ৭ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার করা হয়েছে। সরকারের এমন চিন্তাভাবনাও আছে যে, সরকারি হজযাত্রীদের কোটা পূরণ করতে তুলনামূলক কমমূল্যে সহনীয় প্যাকেজ ঘোষণা করা হবে। হজ ব্যবস্থাপনায় পরিবর্তনের ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে কথা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের। ইতিমধ্যেই বাংলাদেশের হজ কোটা ১০ হাজার বাড়ানো হয়েছে। আরও ১০ হাজার বাড়ানোর বিষয়ে প্রস্তাব রয়েছে।
হজ সক্ষম মুসলমানদের জন্য সাংবাৎসরিক ফরজ ইবাদত। এর সঙ্গে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ-অনুভূতি ও বিশ্বাস জড়িত। দুঃখজনক হল, হজযাত্রা নির্বিঘ্ন করার দাবি দীর্ঘদিনের হলেও হজ গমনেচ্ছুরা বিড়ম্বনা থেকে মুক্তি পাচ্ছেন না। কখনও কখনও তারা প্রতারণারও শিকার হচ্ছেন। এবার হজ গমনেচ্ছুদের জন্য যেসব ব্যবস্থার সূচনা করা হচ্ছে, তা প্রতিপালিত হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আমাদের বিশ্বাস। ভিসা প্রসেসিংয়ের যে জটিলতা রয়েছে বর্তমানে, তা-ও সহজ করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া হাজীরা ৪২ দিনের পরিবর্তে ৩০ দিনের কম সময়ে দেশে ফিরতে পারবেন। এ ব্যবস্থা নিঃসন্দেহে হজযাত্রীদের দুর্ভোগ কমাবে। আরেকটি ভালো উদ্যোগ হল, হজের সময় বাংলাদেশের আইন লঙ্ঘন করে সৌদি এয়ারলাইন্সের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা মনে করি, হজ ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তন আনা হচ্ছে। হজ গমনেচ্ছুদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। বৃদ্ধ-বৃদ্ধাদের বার্ধক্যজনিত অক্ষমতাকে পুষিয়ে দেবে এবারের হজ ব্যবস্থাপনা- বছরের শুরুতে মুসলমানদের জন্য এটা এক বড় সুসংবাদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন