ফুটপাত দিয়ে যানবাহন না চালাতে সিসিকের ব্যতিক্রমী উদ্যোগ - সময় আমাদের ২৪

Latest

বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

ফুটপাত দিয়ে যানবাহন না চালাতে সিসিকের ব্যতিক্রমী উদ্যোগ

ফুটপাত দিয়ে যানবাহন না চালাতে সিসিকের  ব্যতিক্রমী উদ্যোগ
সময় ডেস্ক : যানজটের সময় জনসাধারণের চলাচলের ফুটপাত মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সিলেট সিটিকর্পোরেশন (সিসিক)। ট্রাফিক পুলিশের সাথে পরামর্শ করে এমন উদ্যোগ নেয় সিসিক।

সম্প্রতি নগরের ভিআইপি সড়কখ্যাত চৌহাট্টা থেকে রিকাবিবাজার সড়কের ফুটপাতে লাগানো হয়েছে স্টিলের দণ্ড। ফলে যানবাহনের যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছি ফুটপাতটি। স্বস্তি এসেছে পথচারীদের।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো বন্ধ করতে এসএমপি পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম অবস্থায় আলীয়া মাদরাসা মাঠ সংলগ্ন ভিআইপি সড়কের ফুটপাতে তিনটি এবং চৌহাট্টা এলাকার সড়কের ফুটপাতে আরো চার লাইনের প্রতিবন্ধক খাম্বা তৈরি করা হয়েছে। এসবের ভেতর দিয়ে লোকজন হেঁটে যেতে পারবেন, তবে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না। এভাবে নগরের বিভিন্ন স্থানে ফুটপাতে প্রতিবন্ধক খাম্বা তৈরি করা হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ( ট্রাফিক) নিকোলিন চাকমা বলেন, ফুটপাত দিয়ে মোটরসাইকেল কিংবা কোনো ধরনের যানবাহন চালানো শাস্তিযোগ্য অপরাধ। ২০১৮ সালের মোটরযান আইনের ৯২(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা যায়। এখন পর্যন্ত এ অপরাধে অন্তত ৩০টি মামলা হয়েছে। এরপরও যাতে কেউ ফুটপাত দিয়ে গাড়ি চালাতে না পারেন, সেজন্য প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, পথচারীদের চলাচলের জন্য ফুটপাত। কিন্তু তাতেও মানুষ যদি চলাচল না করতে পারে, তবে ফুটপাতের প্রয়োজন ছিল না। এই আইন মানতে প্রতিনিয়ত প্রচারণাও চালাচ্ছে ট্রাফিক বিভাগ। আর এ ধরনের প্রতিবন্ধক কেবল এই শহরেই নয়, নগরের অন্য শহরের সড়কের ফুটপাতেও লাগানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন