ইসি চাইলে ভোটের তারিখ পরিবর্তনে আপত্তি নেই : কাদের - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০

ইসি চাইলে ভোটের তারিখ পরিবর্তনে আপত্তি নেই : কাদের

কাদের
রাজনীতি ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) চাইলে ভোটের তারিখ পরিবর্তন করতে পারে, এতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর মূলতবি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘সরকার নয়, নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই সরকার অন্যায় করেছে এটি বলার সুযোগ নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন সংক্রান্ত যেকোনো বিষয়ের দায় দায়িত্ব তাদের। এ দায় অন্য কেউ নিবে না।’

নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের সরকারের কোনো কিছু বলার বা করার ছিল না। এখানে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক।’

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ ধর্মীয় উৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদের সঙ্গে ইসি আলাপ-আলোচনা করে একটা সমাধান করতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন