‘শুধু টাকা চেনে ফেসবুক’ - সময় আমাদের ২৪

Latest

রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০

‘শুধু টাকা চেনে ফেসবুক’

ফেসবুক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে এবার ধুয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। নিজের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিন অভিযোগ করেন, সত্য রক্ষার চিন্তা বাদ দিয়ে ফেসবুক শুধু টাকার কথা ভাবে।

‘শিশুদের ওপর কী প্রভাব পড়ছে ফেসবুক সেটি ভাবে না, তারা সত্য নিয়ে ভাবে না। কোথা থেকে কে কী বলছে, কী লিখছে তা নিয়ে তাদের ভাবনা নেই,’ মন্তব্য করে পেলোসি বলেন, ‘তারা সব জেনেশুনেও মিথ্যা কনটেন্ট প্রচার করে।’

ব্যবহারকারীদের বিশ্বাস রক্ষা না করার অভিযোগে ফেসবুক বেশ কয়েক বছর ধরেই টালমাটাল। ব্যক্তিগত তথ্য বিক্রি করে অর্থ আয়, ভুয়া পোস্ট না সরানোসহ বিভিন্ন অভিযোগে আমেরিকায় মার্ক জাকারবার্গের কোম্পানির নামে মামলা হয়েছে। কোটি কোটি ডলার জরিমানাও দিতে হয়েছে। এবার হাউজ স্পিকারের মন্তব্যের পর তারা নতুন বিপদে পড়ে কি না, সেটি এখন দেখার বিষয়।

পেলোসি বলেন, ‘প্রযুক্তি যে সুযোগ তাদের দিয়েছে, তারা সেটির অপব্যবহার করছে।’

ফেসবুক নতুন করে সমালোচনায় পড়েছে মূলত রাজনৈতিক বিজ্ঞাপনের পলিসি নিয়ে। তাদের নীতিমালায় বলা আছে, রাজনৈতিক ব্যক্তিরা বিজ্ঞাপনে ভুয়া তথ্য দিলে তাদের কিছু করার নেই।

এমন নিয়মকে পেলোসি ‘লজ্জাজনক’ বলেছেন। তার সঙ্গে ফেসবুকের মতবিরোধ গত বছর থেকে। একটি ভাইরাল ভিডিওতে তাকে ‘মদ্যপ’ অবস্থায় দেখা যায়। পরে জানা যায়, ভিডিওটি ভুয়া।

ফেসবুক প্রথম সমালোচনার মুখে পড়ে ২০১৬ সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে গ্রাহকের তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানটি। 

সেই তথ্য দিয়ে অ্যানালিটিকা ট্রাম্পকে নির্বাচনী প্রচারে সহায়তা করে। বিষয়টি নিয়ে বিপদে পড়ার পর ফেসবুক নিজেদের ব্যবসার ধরনে পরিবর্তন আনার কথা জানায়। কিন্তু এখনো তারা সেই পরিবর্তন আনেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন