শিক্ষাঙ্গন ডেস্ক : রংপুরের পীরগঞ্জে প্রায় ২৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শতাধিক সহকারী শিক্ষক না থাকায় পাঠদানে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে। বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সেই ঘাটতি পূরণ হতে চলেছে।
পীরগঞ্জে প্রায় ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য বৃহস্পতিবার রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জন সহকারী শিক্ষকের কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে।
এ ছাড়া জেলার ৮টি উপজেলায় মোট ২৬০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগঞ্জে ২৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৯টি ক্লাস্টারের মাধ্যমে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের পাঠদান করছে। বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক সংকটের কারণে পাঠদানে মারাত্মকভাবে বিঘ্নের সৃষ্টি হচ্ছিল। এমনকি অনেক বিদ্যালয়ে মাত্র ২ জন শিক্ষকও ছিল। ফলে এক শিক্ষকের সমস্যার কারণে জোড়াতালি দিয়ে ক্লাস চলছিল।
শিক্ষার্থীদের শিক্ষক ভোগান্তি নিরসনে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের দেয়া তথ্যের ভিত্তিতে শূন্য পদে ১০৭ জন সহকারী শিক্ষককে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সূত্র আরও জানায়, বৃহস্পতিবার থেকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রথম পর্যায়ে পীরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ২৫ জানুয়ারি নিয়োগপত্র ইস্যু করা হবে। ১৬ ফেব্রুয়ারি ওই শিক্ষকদের রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করে ৩ দিনের জন্য (১৭, ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি) তাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে।
পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিক-উজ-জামান বলেন, পীরগঞ্জে শিক্ষক সংকটের কারণে পাঠদানে সমস্যা হচ্ছিল। এখন তা নিরসনের পথে।
শিক্ষক নিয়োগ ও পদায়ন কমিটির সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক বলেন, বিধি অনুযায়ী বিভিন্ন কোটায় উপযুক্ত শিক্ষক নিয়োগে বিদ্যালয়ে পদায়নের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতের জটিলতা এড়াতে এবারের নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ভুলভাবে কাজ করছে। আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পদায়নের নির্দেশপত্র দেয়া হবে।
উল্লেখ্য, রংপুর জেলার ৮ উপজেলায় এবারে ২৬০ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে পীরগঞ্জে ১০৭ জন, মিঠাপকুর ও পীরগাছায় ৪২ জন করে, কাউনিয়ায় ১০ জন, গঙ্গাচড়ায় ৩৭ জন, তারাগঞ্জে ৬ জন, বদরগঞ্জে ১২ জন এবং রংপুর সদরে ৪ জন রয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন