সিলেটে ছাত্রলীগের কর্মীকে নির্মমভাবে হত্যা - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০

সিলেটে ছাত্রলীগের কর্মীকে নির্মমভাবে হত্যা

সিলেটে ছাত্রলীগের কর্মীকে নির্মমভাবে হত্যা
সময় ডেস্ক : সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতিকারীর হাতে নির্মমভাবে খুন হয়েছে একই সংগঠনের কর্মী। নগরীর টিলাগড় এলাকায় পূজার টাকা নিয়ে বিরোধে হামলার শিকার হয়ে অভিষেক দে দ্বীপ খুন হন। দ্বীপ গ্রীনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত রায় সমুদ্র নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবক দ্বীপের উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক অভিষেক দ্বীপের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় সমুদ্র সিলেট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী। সে পুলিশি পাহারায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নিহত দীপ ও অভিযুক্ত সমুদ্র দুজনই আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার গ্রুপের অনুসারী বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, পূজার টাকা সংক্রান্ত বিরোধ থেকে আজ রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে অভিষেক দে দ্বীপ নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। পরে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সৈকত রায় সমুদ্র নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন এসএমপির ডিসি (দক্ষিণ) সুহেল রেজা। তিনি বলেন- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন