আজ সরস্বতী পূজা : হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - সময় আমাদের ২৪

Latest

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০

আজ সরস্বতী পূজা : হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আজ সরস্বতী পূজা : হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সময় ডেস্ক : আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা। পূজা উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।’

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সব ধর্মের উৎসব সকলে মিলে আনন্দ-উৎসব সহকারে উদযাপন করি। সকল ধর্মের পারস্পরিক এ সম্প্রীতি আগামী দিনে আরও সুদৃঢ় হবে।’

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশের অগ্রযাত্রায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন