খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন - সময় আমাদের ২৪

Latest

সোমবার, ২০ জানুয়ারি, ২০২০

খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন
সময় ডেস্ক : গোয়ালন্দ থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী ট্রেন নকশিকাঁথা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে লাইনচ্যুত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) রাত সোয়া ৮টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পাকশি পশ্চিম জোন রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে রাজশাহী ও ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

নুরুল ইসলাম জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য এরই মাঝে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি এ কর্মকর্তা।

এদিকে খুলনার কর্তব্যরত স্টেশন মাস্টার আমীরুল ইসলাম জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনা থেকে চিলহাটিগামী সীমান্ত ট্রেন ও ঢাকাগামী সুন্দরবন ট্রেন আটকা পড়েছে। লাইন চালু হলে তবেই এসব ট্রেন ছাড়বে। যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশনেই অপেক্ষা করছেন। 

এরই মাঝে চুয়াডাঙ্গা থেকে উদ্ধারকারী যান রওনা দিয়েছে। রাত সাড়ে ১২টার দিকে সেটি পৌঁছাবে। উদ্ধার কার্যক্রম শেষ করতে রাত দেড়টা থেকে ২টা বাজবে বলে মনে করছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন