ইনশল্লাহ, বিএনপি এবার জোয়ার দেখবে : কাদের - সময় আমাদের ২৪

Latest

বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

ইনশল্লাহ, বিএনপি এবার জোয়ার দেখবে : কাদের

ইনশল্লাহ, বিএনপি এবার জোয়ার দেখবে : কাদের
সময় ডেস্ক : ইনশল্লাহ, বিএনপি এবার জোয়ার দেখবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা। জোয়ার তারা দেখেনি। এবার দেখবে।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপি আর রাজনীতিতে জোয়ারের দেখা পাবে না। তারা ভাটতেই থাকবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুঃসময়ের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের-মুক্তিযুদ্ধ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের গণতন্ত্র বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের উন্নয়ন বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের অর্জন হবে না। তাই যেকোনো মূল্যে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতার অহংকার পতনের কারণ যেন না হয়। ক্ষমতা যেন আমাদের নেতা কর্মীদের বিনয় করে, অহংকারী নয়। বিনয়ী যত হবেন তত আপনি বড় হবেন। বিনয় হলে জনগণ আরও ভালবাসবে।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করেছি। সেই মানবিক সাহয্য এখন আমাদেরকে মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।’ ভারত-চীনসহ আর্ন্তজাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের এমপি  কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মজিবুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন