তথ্যপ্রযুক্তি ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক ফেসবুক লাইভে এসে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন।
সে সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমরা চাই জবাবদিহিতামূলক সিটি করপোরেশন গড়তে। এখানে প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বনানীতে তার নির্বাচনী কার্যালয়ে ফেসবুক লাইভে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে কী করণীয় তা তুলে ধরেন। এ সময় তার পাশে ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী শমী কায়সার।
তিনি আরো বলেন, আমরা সবার ঢাকা অ্যাপস চালু করব। কোনো এলাকায় লাইট না জ্বললে বা বর্জ্য পড়ে থাকতে দেখলে ছবি তুলে এই অ্যাপসে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে মেয়র অফিসের ড্যাশ বোর্ডে চলে আসবে, আর ঘণ্টা বেজে উঠবে। তখন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। এ জন্য সবাইকে এগিয় আসতে হবে।
ফেসবুক লাইভে এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, আলোকিত ঢাকা গড়তে আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ৪২ হাজার এলইডি লাইট লাগানোর কাজ শুরু হবে। এছাড়া আমরা ডিএনসিসিতে একটি কমান্ড সেন্টারের কাজ করছি। এক বছরের মধ্যে সেই সেন্টারের কাজ শেষ হবে। অর্থাৎ কমান্ড সেন্টারের মাধ্যমে জানা যাবে কোথায় লাইট বন্ধ, কোথায় পানির সমস্যা, কোথায় রাস্তার সমস্যা।
ভোটারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, আপনার একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ঢাকাকে কীভাবে দেখতে চান? আপনার প্রত্যাশিত ঢাকা গড়তে আপনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামী ১ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে আসুন উৎসবমুখর পরিবেশে ভোট দিন। আমার ওপর আস্থা রাখুন আমি আপনাদের সুস্থ সচল আধুনিক ঢাকা উপহার দেব ইনশাআল্লাহ।
অন্য আরেক প্রশ্নের জবাবে ফেসবুক লাইভে তিনি বলেন, সবার জন্য সবার ঢাকা গড়তে বিশেষ সুবিধাবঞ্চিত ও বয়স্ক বা যারা হুইলচেয়ারে চলাচল করেন তাদের জন্য সিটি করপোরেশনের ৪২টি মার্কেটেই হুইল চেয়ারবান্ধব করার ব্যবস্থা থাকবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন