গাজীপুর সংবাদদাতা : দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ায় প্রথম স্ত্রী দুধ দিয়ে গোসল করিয়ে শুদ্ধ করে স্বামীকে করেছেন বরণ। রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ের ৭নং ওয়ার্ডের সিংগারদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।
সে সময় প্রথম স্ত্রীসহ রাতভর ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে সবাই। গানবাজনা ও আনন্দ উল্লাসের সঙ্গে সে গ্রামে রাতভর খিচুড়ি বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, সিংগারদিঘী গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে আজিজুল হক ২০০১ সালে ওই ইউনিয়নের সলিংমোড় এলাকার আব্দুল মজিদের মেয়ে তাজ নাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখে-শান্তিতেই চলছিলো তাদের সংসার। তাদের ঘর আলোকিত করে আসে দুই সন্তান। কিন্তু ২০১৩ সালে তাদের মধ্যে মনোমালিন্য হলে গ্রামের অন্য এক নারীকে বিয়ে করেন আজিজুল। দ্বিতীয় বিয়ের পর থেকে আজিজুলের সংসারে শুরু হয় অশান্তি। সংসারে শান্তি ফিরিয়ে আনতে অবশেষে আজিজুল আইনিভাবে নিজেই দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন।
এতে স্থানীয়রা ব্যাপক খুশি হয়। নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন তারা। অনুষ্ঠানে কয়েক গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়। সেই সঙ্গে প্রথম স্ত্রী তাজ নাহার স্বামীকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন।
আজিজুল হক বলেন, আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে আবারও নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়েছে। পাশাপাশি প্রথম স্ত্রী দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন