মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন, ৯৯৯ কল - সময় আমাদের ২৪

Latest

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০

মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন, ৯৯৯ কল

মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন, ৯৯৯ কল
সময় ডেস্ক : মধ্যযুগীয় কায়দায় এক যুবককে নির্যাতনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভ্যান চুরির অভিযোগ এনে নাটোরের বাগাতিপাড়ার ওই যুবককে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে ‘বর্বরভাবে’ নির্যাতন করে স্থানীয়রা।

সোমবার (২০ জানুয়ারি) উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগীর নাম মনিরুল ইসলাম। তিনি উপজেলার মাছিমপুর মহল্লার আব্দুল গাফফারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে দয়ারামপুরের মিশ্রিপাড়া গ্রামের মাহাতাব সরদারের জানাজা হয়। জানাজার কয়েক মিনিট আগে সেখান থেকে একই এলাকার আলমগীর হোসেনের ভ্যানগাড়ি চুরি হয়। এ সময় ভ্যানগাড়িসহ মনিরুলকে আটক করে স্থানীয়রা। পরে মনিরুলকে দয়ারামপুর ইউপির নতুন ভবনের সামনের লাম্পপোস্টের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে বর্বরভাবে নির্যাতন করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার এসআই তারেকুল ইসলাম বলেন, ৯৯৯-এ নম্বর থেকে ফোন পেয়ে মনিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান মিঠু বলেন, ওই যুবককে নির্যাতনের বিষয়ে কিছু জানতাম না। পরে শুনেছি, ওই যুবককে মারধর করেছে স্থানীয়রা।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ভ্যান চুরির অভিযোগে মনিরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আলমগীর হোসেন। তার বিরুদ্ধে চুরির মামলার প্রস্তুতি চলছে। নির্যাতনের অভিযোগ আমার কাছে নেই। তবে তাকে মারধর করেছে স্থানীয়রা। এজন্য তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন