জীববৈচিত্র ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের শতশত পাখি মরছে বলে ধারনা করছে পরিবেশ সংশ্লিষ্ট অনেক সংস্থা। গত এক বছরে কমপক্ষে ১০ লাখ কমন মুর পাখির মৃত্যুর করুণ দৃশ্যের সাক্ষী হলেন উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের বাসিন্দারা। তারা সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখেছেন শতশত মৃত সামুদ্রিক পাখি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কার উপকূল পর্যন্ত কমন মুর নামে সামুদ্রিক পাখির মৃত্যুর এই মিছিল দেখা গেছে।
কমন মুর এক ধরণের সমুদ্রের মাছধরা পাখি। এত বিপুলসংখ্যক পাখির মৃত্যু স্মরণকালে আর ঘটেনি। সেখানে সমুদ্রের পানিতে সৈকতে ভেসে আসছে পাখিদের মৃতদেহ।
লস অ্যাঞ্জেলস টাইমস এক প্রতিবেদনে জানায়, পাখিদের এই গণমৃত্যুর প্রাথমিক তদন্ত প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন প্রকৃতি বিশেষজ্ঞরা। এই ঘটনার কারণ বলে জলবায়ু পরিবর্তনকেই মনে করছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের পানির তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে এমন বিপর্যয় ঘটেছে। জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তারা। সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে পড়ে কমন মুর পাখিরা। এর পূর্বে ২০১৫ সালের গ্রীষ্মকাল থেকে ২০১৬ সালের বসন্তকাল পর্যন্ত না খেতে পেয়ে মারা গিয়েছে অনেক পাখি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর জন পিয়াটের মতে, কমন মুরের গণমৃত্যু আগেও হয়েছে। কিন্তু সংখ্যা এখনকার মতো এত ভয়াবহ ছিলো না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন