চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পিতা চেরাগ আলীকে কুপিয়ে হত্যার দায়ে পুত্র আকবর হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির শোরসাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ্ আলম জানান, রোববার সন্ধ্যায় চিতোষী পূর্ব ইউপির স্বেতি নারায়ণপুর গ্রামের বড় বাড়ির আবদুর রহিমের পুত্র চেরাগ আলীকে তার পুত্র আকবর আলী কুপিয়ে হত্যা করে। স্বামীকে বাঁচাতে এলে এ সময় আকবর তার মা ফুলমতিকেও কুপিয়ে জখম করে পালিয়ে যান। ঘটনার রাতেই নিহত চেরাগ আলীর ছোট পুত্র সোলেমান শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আনিসুর রহমান, শাহরাস্তি থানার এএসআই অর্জুন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির শোরশাক কাচারি বাড়ি হতে আকবর আলীকে গ্রেফতার করে। আকবর পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আকবর আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন